ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৯

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনিসেফ বাংলাদেশের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিসেফের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া।

বৈঠকে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি, বাজেট বরাদ্দ বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের প্রচেষ্টা প্রশংসনীয়। যেসব সংসদ সদস্য শিশুবান্ধব নীতি নিয়ে সংসদে কথা বলেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠক ফলপ্রসূ হবে।

স্ট্যানলি গুয়াভুইয়া বলেন, সংসদ সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনা জরুরি। এর মাধ্যমে শিশুরা নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়। তিনি আরও বলেন, শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বৈঠকে ইউনিসেফের মো. আশিক ইকবাল, ফারিয়া সেলিম ও কারিশমা আহমেদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।