কৃষ্ণসার হরিণ মামলা নিয়ে সিনেমা, মুক্তির আগেই সালমানের আইনি নোটিশ

২০

কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। সিনেমার নির্মাতা ও প্রযোজককে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমান খানের আইনজীবীরা।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়, দুদিন জেলও খাটেন। জামিনে মুক্ত হলেও মামলাটি এখনো বিচারাধীন।

পরিচালক ভারত শ্রীনাথের সিনেমাটির পোস্টার প্রকাশের পর আলোচনা শুরু হয়। আগামী ২০ জুন টিজার প্রকাশের কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানায়, নোটিশে সিনেমার মুক্তি স্থগিত, প্রচারণামূলক সব কনটেন্ট সরানো ও নিঃশর্ত লিখিত ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে দেওয়ানি ও ফৌজদারি মামলার হুমকি দেওয়া হয়েছে।

প্রযোজক অমিত জানি একে ‘ভয় দেখানোর চেষ্টা’ বলেছেন। তার দাবি, এটি সালমানের জীবনীভিত্তিক সিনেমা নয়। তাই নোটিশের প্রয়োজন ছিল না।

সালমানের আইনজীবীদের অভিযোগ, মামলা বিচারাধীন থাকায় এ ধরনের সিনেমা বিচার প্রক্রিয়া ও জনমতকে প্রভাবিত করতে পারে। সালমানের নাম ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের।

এ বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।