জ্বালানি তেলের দাম আবারও বাড়ল, লিটারে ৫ টাকা বৃদ্ধি অকটেন, পেট্রোল ও কেরোসিনে

২৭

নিজস্ব প্রতিবেদকঃ  দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার অকটেন বিক্রি হবে ১৪৫ টাকায়, পেট্রোল ১৪০ টাকায় এবং কেরোসিন ১৩৫ টাকায়। তবে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকা বহাল রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধিত এই মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করে সরকার। এ ব্যবস্থার আওতায় আগের মাসে আমদানি করা জ্বালানির গড় ব্যয়, কর ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

সর্বশেষ মূল্য সমন্বয়ের আগে গত ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল। সর্বশেষ ঘোষণার ফলে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বৃদ্ধি পেলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের প্রভাব দেশের বাজারেও প্রতিফলিত হচ্ছে। সরকারের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির ফলে ভবিষ্যতেও বিশ্ববাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে।