ঈদ-পরবর্তী সড়ক নিরাপত্তায় বিআরটিএর ৬১ মোবাইল কোর্ট, চলছে বিশেষ নজরদারি

রাসেল হাওলাদার, ঢাকা: ঈদ-পরবর্তী সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে বিআরটিএর ৬১টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনা এবং বিআরটিএর বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞার তত্ত্বাবধানে ঢাকার সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের যাত্রীদের সড়ক নিরাপত্তাবিষয়ক নির্দেশনা ও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

বিআরটিএর অভিযান পরিচালনার একটি চিত্র

বিআরটিএ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর চারটি প্রধান বাস টার্মিনালসহ দেশের প্রতিটি জেলার টার্মিনালে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম কাজ করছে।

এ ছাড়া অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে বিআরটিএর প্রতিটি সার্কেল থেকে বিভিন্ন টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হচ্ছে। টার্মিনাল থেকে যানবাহন ছাড়ার আগে চালকদের অতিরিক্ত গতি পরিহার এবং নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতামূলক ব্রিফিং দেওয়া হচ্ছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব কার্যক্রমের মাধ্যমে ঈদ-পরবর্তী যাত্রী চলাচল আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে।