হজ শেষে দেশে ফিরছেন হাজিরা, প্রথম ফ্লাইটে এলেন ৫৪৩৪ জন

২০

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে এ বছরের হজের আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হজ সম্পন্ন করে লাখো মুসল্লি এবার নিজ নিজ দেশে ফিরছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৯ মে) রাতে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়েছে। সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি যাত্রা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে হাজিদের দেশে ফেরার যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন।

সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম শেষ হবে।

এ বছর ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করা হয়েছে। এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে যেতে পেরেছেন।