বাংলাদেশিদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা ফুটবল দল

২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের আপামর জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা। এতে ফুটবল মাঠের সীমানা পেরিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার যে গভীর মেলবন্ধন তৈরি হয়েছে, তার প্রকাশ ঘটল আবারও।

বুধবার (২৭ মে) আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে একটি বিশেষ শুভেচ্ছা কার্ড পোস্ট করা হয়। পোস্টে লিওনেল মেসি, রদ্রিগো ডি পল ও এমিলিয়ানো মার্টিনেজ এর মতো তারকাদের ছবির পাশাপাশি দুই দেশের জাতীয় পতাকার আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

ক্যাপশনে লেখা হয়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’ ঈদ মোবারক।

২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের অভাবনীয় ও বাঁধভাঙা উন্মাদনা বিশ্ববাসীর নজর কেড়েছিল। আর্জেন্টিনার সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবলার ও দেশটির সরকার সবাই বাংলাদেশিদের এই ভালোবাসায় আপ্লুত হন।

সেই থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বড় উৎসব ও জাতীয় দিবসে নিয়মিত শুভেচ্ছা জানিয়ে আসছে আলবিসেলেস্তেরা। ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে ফুটবল কীভাবে দুটি ভিন্ন সংস্কৃতির দেশকে এক সুতোয় বেঁধেছে, আর্জেন্টিনার এই ঈদ শুভেচ্ছা যেন তারই আরেকটি সুন্দর নিদর্শন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি আসার পর পরই তা বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আর্জেন্টিনার এই আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে কমেন্ট সেকশনে ভালোবাসা প্রকাশ করছেন।