বেলুচিস্তানে ট্রেনে বোমা হামলা, নিহত ২৪

২৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮২ জন।

রোববার (২৪ মে) সকালে কোয়েটার চামান ফাটকের কাছে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া পুলিশ সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনটি ঈদের ছুটিতে বাড়ি ফিরতে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হয়েছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে চামান ফাটকের কাছে পৌঁছালে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুটি বগিতে আগুন ধরে উল্টে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্তৃপক্ষের বরাতে জানায়, ঘটনার পর উদ্ধারকাজে বিশেষ ট্রাক ও ত্রাণ ট্রেন পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিক তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, ৭০ কেজির বেশি বিস্ফোরকভর্তি আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তবে হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত নয়। কোনো সংগঠন দায় স্বীকার করেনি।