ঈদের আগে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল প্রায় ৩ কোটি টাকা

২৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। এ সময়ে সেতু পার হয়েছে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন।

শনিবার (২৩ মে) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। একই সময়ে পশ্চিম প্রান্ত দিয়ে পার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। সেখান থেকে টোল এসেছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

এর আগে শুক্রবার (২২ মে) ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয় ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। একদিনের ব্যবধানে যানবাহন কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চলছে।

উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু।