ইলন মাস্কদের সমালোচনার ‘জবাব দিয়ে সময় নষ্টের ইচ্ছে নেই’: লুপিটা নিয়ং’ও

২৮

ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’-তে কাস্টিং নিয়ে তৈরি হওয়া বর্ণবাদী সমালোচনার জবাব দিলেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিটা নিয়ং’ও। নোলানের এই মহাকাব্যিক ছবিতে প্রাচীন গ্রিসের পৌরাণিক চরিত্র ‘হেলেন অব ট্রয়’ ও তার সৎবোন ‘ক্লাইটেমনেস্ট্রা’—দুটি চরিত্রে দেখা যাবে তাকে।

একজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রীকে প্রাচীন গ্রিসের পৌরাণিক চরিত্রে নেওয়ায় গত কয়েক মাস ধরে উগ্র ডানপন্থী মহলে বিতর্ক চলছে। রক্ষণশীল বিশ্লেষক ম্যাট ওয়ালশ এবং প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক প্রকাশ্যে এ সিদ্ধান্তের সমালোচনা করলে বিতর্ক আরও উসকে ওঠে।

সম্প্রতি ‘এল’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে লুপিটা বলেন, ‘দ্য ওডিসি’ পৌরাণিক গল্প, ঐতিহাসিক দলিল নয়। পরিচালক নোলান যেভাবে গল্পটি বলতে চেয়েছেন, তাতে তার পূর্ণ সমর্থন আছে।

কাস্টিং নিয়ে তিনি বলেন, এ সিনেমার অভিনয়শিল্পীরা পুরো পৃথিবীর বৈচিত্র্যকে তুলে ধরে। তাই বর্ণবাদী ট্রোলের জবাব দিয়ে সময় নষ্টের ইচ্ছে নেই তার। কারণ তিনি অংশ নেন বা না নেন, সমালোচনা চলতেই থাকবে। বিশ্বের শ্রেষ্ঠ মহাকাব্যের অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত।

কাস্টিং বিতর্ক নিয়ে পরিচালক নোলান বা প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ‘ঐতিহাসিক নির্ভুলতা’ নিয়ে প্রশ্ন তোলাদের উড়িয়ে দিয়ে নোলান আগেই বলেছিলেন, দর্শকরা একমত না হলেও সিনেমাটি উপভোগ করবেন। উদাহরণ হিসেবে ‘ইন্টারস্টেলার’-এর কথা টানেন তিনি। মুক্তির পর বিজ্ঞানীরা নানা খুঁত ধরলেও দিনশেষে ছবির গুরুত্ব সবাই বুঝেছেন।

আগামী জুলাইয়ে মুক্তি পেতে যাওয়া এ বিগ বাজেটের সিনেমায় ওডিসিয়াস চরিত্রে আছেন ম্যাট ডেমন। আরও আছেন অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন, এলিয়ট পেজ, টম হল্যান্ড, জেনডায়া, মিয়া গথ, ট্র্যাভিস স্কট এবং চার্লিজ থেরন।

সূত্র: হাফপোস্ট