স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ: ইসি

৪৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বড় পরিবর্তন আসছে। পোস্টার ব্যবহার বন্ধের পাশাপাশি অনলাইনে মনোনয়ন দাখিল ও ইভিএম ব্যবহারের নিয়মও বাতিল হবে। নির্বাচন হবে সম্পূর্ণ নির্দলীয়। দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।

নির্দলীয় প্রার্থীর জন্য ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমার বাধ্যবাধকতা উঠে যাচ্ছে। উপজেলা ছাড়া অন্য সব স্তরে জামানতের পরিমাণ বাড়বে। প্রবাসী ভোট, পোস্টাল ভোট থাকছে না। ফেরারি আসামি ও আইসিটি আইনে চার্জশিটভুক্তরা প্রার্থী হতে পারবেন না।

তিনি জানান, ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত হবে। জুনের মধ্যেই কাজ শেষ হবে। অক্টোবর থেকে নির্বাচন শুরুর আশা করছে কমিশন।

সুষ্ঠু ভোটে সরকারের নিরপেক্ষতা, দলগুলোর দায়িত্বশীল আচরণ, ইসির আপসহীন মনোভাব ও দায়িত্বশীলদের সততা— এই চার বিষয়ে জোর দেন তিনি। সহিংসতা ঠেকাতে দলগুলোকে সংঘর্ষ থেকে বিরত থাকার অনুরোধ জানান। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।