‘এদেশে বিচার নাই’— কোনো বাবাকে যেন আর বলতে না হয়: শাকিব খান

৪৪

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অভিযুক্তের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব লেখেন, “রামিসার সঙ্গে হওয়া এই নৃশংস ঘটনা আমাদের সমাজের মানবিকতা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। একটি শিশুর আর্তনাদ শুধু এক পরিবারের নয়, সবার বেদনা।”

তিনি বলেন, এমন জঘন্য অপরাধে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের কষ্ট আরও বাড়ানো। তাই দরকার দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি— যা দেখে ভবিষ্যতের অপরাধীরা ভয় পাবে।

শাকিবের ভাষ্য, “আইনের কঠোর প্রয়োগ এখনই দরকার। যাতে আর কোনো রামিসাকে এভাবে প্রাণ দিতে না হয়। যেন কোনো বাবাকে বলতে না হয়— ‘বিচার চাই না, এদেশে বিচার নাই!’”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।