ঝিনাইদহে এনসিপি নেতা পাটওয়ারীর ওপর হামলা, ছিনতাই ফোন-মানিব্যাগ

১২১

ঝিনাইদহে হামলার শিকার হয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। কিল-ঘুসির পাশাপাশি তার ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে ফেসবুকে জানিয়েছেন তিনি।

স্থানীয়দের তথ্য, শহরের পুরাতন ডিসি কোট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হতেই এ হামলা হয়। এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের সামনেই হামলা চালায়।

ফেসবুক পোস্টে পাটওয়ারী লিখেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে নামাজ শেষে বের হওয়ার পরপরই হামলা শুরু হয়। প্রথমে ডিম, ইট-পাটকেল ছোড়া হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত আঘাত করা হয়।

তিনি বলেন, তিনজনের মাথা ফেটে গেছে, আরও কয়েকজন আহত। আমাকে কিল-ঘুসি মারা হয়। হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ নিয়ে গেছে।

ঘটনার পর এনসিপি নেতারা থানায় অবস্থান করছেন। পাটওয়ারী জানান, মামলার প্রস্তুতি চলছে। তার অভিযোগ, ছাত্রদল, যুবদল ও বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।