২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

২২

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আর্সেনাল।

মঙ্গলবার (১৯ মে) রাতে ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করায় নিশ্চিত হয় গানারদের শিরোপা।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে সিটির জয় দরকার ছিল। ম্যাচের ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপীর গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। অতিরিক্ত সময়ে আরলিং হালান্ড সমতা ফেরালেও জয় না পাওয়ায় শিরোপা নিশ্চিত হয় আর্সেনালের।

এটি আর্সেনালের ১৪তম ইংলিশ লিগ শিরোপা। এর চেয়ে বেশি শিরোপা আছে কেবল লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর লন্ডনের ক্লাবটি।

শেষ বাঁশি বাজতেই এমিরেটসের বাইরে শুরু হয় উৎসব। সমর্থকরা লাল পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। মিডফিল্ডার ডেকলান রাইস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমি তো বলেছিলাম… হয়ে গেছে।”

২০১৯ সালে দায়িত্ব নেওয়া মিকেল আর্তেতার অধীনে এটিই প্রথম লিগ শিরোপা। সাবেক প্রিমিয়ার লিগ খেলোয়াড় হিসেবে তিনিই প্রথম কোচ যিনি লিগ জিতলেন। গত তিন মৌসুমে দুবার ম্যানচেস্টার সিটি ও একবার লিভারপুলের পেছনে থেকে রানার্সআপ হয়েছিল আর্সেনাল।

এবার দৃঢ় রক্ষণ আর সেট পিসে দক্ষতা এনে দিয়েছে সাফল্য। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে তারা, যা লিগে সর্বনিম্ন। ক্লিন শিট আছে ১৯টি। সেট পিস থেকে এসেছে ২৪ গোল, এর মধ্যে কর্নার থেকে ১৮টি—প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ।

লিগ জয়ের পর এবার আর্সেনালের সামনে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ৩০ মে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে মাঠে নামবে তারা। ইউরোপ সেরার মুকুট এখনো অধরা গানারদের।