সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ‘সিরিয়াস আদালত অবমাননা’: শিশির মনির

২৭

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়াকে ‘সিরিয়াস আদালত অবমাননা’ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।

বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছিল। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা আদালত অবমাননা। আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।