প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করব: মির্জা ফখরুল

২২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহতালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।’

বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁওবাসীর ভালোবাসা ও সমর্থনকে জীবনের বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষ তাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি আগেও বলেছিলেন এটি তার শেষ নির্বাচন হতে পারে এবং সেই অবস্থানেই আছেন।

এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন মির্জা ফখরুল। জানান, সদর উপজেলাকে ভাগ করে নতুন দুটি উপজেলা গঠনের অনুমতি পাওয়া গেছে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনও মিলেছে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়াও এগোচ্ছে এবং খুব শিগগিরই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এলাকায় আরও উন্নয়নমূলক প্রতিষ্ঠান আনার উদ্যোগ চলছে।

মসজিদ নির্মাণে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।