ঢাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগের পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ আসনে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় তাজুলের নাম উঠে আসে। ২০১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় এ হামলা হয়। অভিযোগ রয়েছে, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

ওই ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি ১৫ মে ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ৪ নম্বর আসামি তাজুল ইসলাম তাজ।

ওসি শহীদুল ইসলাম জানান, শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন। তাকে মেঘনা থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।