জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা স্থিতিশীলতা আনে না: স্পিকার

২৩

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতা ছাড়া নিরাপত্তা কখনো বিশ্বে স্থিতিশীলতা আনতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করতে হবে। এতে জাতির ভবিষ্যৎ গঠনে দায়িত্বশীলতার প্রমাণ মিলবে এবং জনগণের আস্থা বাড়বে।

তিনি আরও বলেন, নিরাপত্তা কেবল অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না। জাতির জ্ঞান, প্রজ্ঞা ও আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও এটি নির্ভরশীল।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তার নতুন সংজ্ঞা, বহুমুখী সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও শরণার্থী, অপতথ্য-ভুল তথ্য মোকাবিলা এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

মূল বক্তা ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক ও সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

অনুষ্ঠানে বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।