সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির তাৎক্ষণিক পাল্টা জবাব

৩১
বিজিবির টহলরত একটি চৌকস দলের এ ছবিটিকে প্রতীকী হিসেবে দেখানো হলো

বিশেষ প্রতিনিধি, সিলেটঃ সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উসকানিমূলকভাবে গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি (ফায়ার) করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ আকস্মিকভাবে সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবিও আত্মরক্ষার্থে ও সার্বভৌমত্ব রক্ষায় তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে। বিজিবির এই কঠোর অবস্থানের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও স্থিতিশীল রয়েছে।

এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি সর্বদা পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতির পর স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিজিবির পক্ষ থেকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।