একান্তে সময় কাটাচ্ছেন সালমান, ‘চিন্তা করো না’—মাকে আশ্বস্ত করলেন ভাইজান

২৬

অন্ধকার ঘরে বসে থাকার একটি ছবি পোস্ট করে ভক্তদের দুশ্চিন্তায় ফেলেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। একাকিত্ব নিয়ে লেখা ক্যাপশন দেখে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা।

রোববার (১৭ মে) রাতে ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করার পর সালমান নিজেই দীর্ঘ পোস্টে বিষয়টি পরিষ্কার করেন। তিনি লেখেন, তিনি একা নন। পরিবার, বন্ধু আর কোটি ভক্তের ভালোবাসা সবসময় তার সঙ্গে আছে। মাঝেমধ্যে কোলাহল থেকে সরে গিয়ে নিজের সঙ্গে কিছুটা সময় কাটাতে মন চায়, সেজন্যই একটু নিরিবিলি ছিলেন।

সালমান জানান, ছবিটি দেখে মা সালমা খানও উদ্বিগ্ন হয়ে ফোন করেছিলেন। ‘কী হয়েছে বাবু?’—মায়ের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘কিছুই না মা, চিন্তা করো না। আমি ঠিক আছি।’

এর আগে পোস্ট করা ছবির ক্যাপশনে সালমান লিখেছিলেন, ‘জীবনে কেউ ইচ্ছা করে একা থাকে, কেউ আবার একাকিত্বে ভোগে।’ এই লাইন ঘিরেই ভক্তদের মনে প্রশ্ন জমে। তবে নতুন ব্যাখ্যার পর স্বস্তি ফিরেছে সবার।

ভাইজানের ভক্তরা এখন তাকিয়ে আছেন তার আগামী সিনেমা ‘মাতৃভূমি’র দিকে। সিনেমাটি চলতি বছরের আগস্টে প্রেক্ষাগৃহে আসার কথা।