ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, ‘চুক্তির সম্ভাবনা’ দেখছেন

২৪

‘গুরুত্বপূর্ণ আলোচনা চলমান থাকায়’ ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৯ মে) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলা স্থগিতের অনুরোধ করেছেন। তাকে জানানো হয়েছে, এমন একটি চুক্তি হতে যাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য ‘খুবই গ্রহণযোগ্য’ হবে। তিনি যোগ করেন, “ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না!”

তবে সতর্ক করে ট্রাম্প বলেন, গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ‘যেকোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণাঙ্গ ও বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত’ থাকবে।

এদিকে ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার যুক্তরাষ্ট্রকে ‘আবারো কৌশলগত ভুল ও ভ্রান্ত হিসাব’ না করার আহ্বান জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, নিজ দেশে জনপ্রিয়তা কমার মধ্যেই ট্রাম্পের এই ঘোষণা এলো। সোমবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস/সিয়েনা জরিপ অনুযায়ী, প্রায় ৬৪ শতাংশ ভোটার মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তটি ভুল ছিল। মাত্র ৩৭ শতাংশ ভোটার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের পারফরম্যান্সকে সমর্থন করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে। জবাবে তেহরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আলোচনা ‘একটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি’, তবে “দেখা যাক শেষ পর্যন্ত এর থেকে কোনো ফলাফল আসে কিনা।” তিনি আরও বলেন, “যদি আমরা তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ না করেই তা করতে পারি, তাহলে আমি খুব খুশি হব।”