‘অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

২২

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে যেখান থেকে এসেছে সেই পথেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুভেন্দু বলেন, “আমাদের কাছে সবার প্রথমে রাষ্ট্র। অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় শনাক্ত হয়ে গেছে, নাম বাতিল হয়েছে। এবার তাদের ফেরত পাঠানোর সময় চলে এসেছে।”

পার্ক সার্কাসে পুলিশের ওপর হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনাদের এর ফল ভুগতেই হবে। পুলিশের ওপর ইট-পাথর ছোড়া হলে উচিত শিক্ষা দেওয়ার কাজ বিজেপির সরকার করবে।”

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ধর্মীয় শ্রেণিবিন্যাসভিত্তিক সব প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে তার সরকার। ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত ভাতা বন্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “যে রুপি ভাতায় দেওয়া হতো, তা এখন বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্পে দেওয়া হবে। বাংলায় তোষণের রাজনীতি চলবে না।”

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন শুভেন্দু। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অহঙ্কার চূর্ণ করে আপনারা আমাকে জয়ী করেছেন, আমি সারাজীবন আপনাদের ভাইয়ের মতো পাশে থাকব।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ চার ব্যক্তির সম্পত্তির তদন্ত হবে বলেও জানান শুভেন্দু।