জুলাইয়ের গ্রাফিতি মোছার নির্দেশ দেয়নি চসিক: মেয়র শাহাদাত

২৭

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ চট্টগ্রাম সিটি করপোরেশন দেয়নি বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী করতে চসিক সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কাজকে সবসময় উৎসাহ দেয়। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি সরাতে আলাদা নির্দেশনা দেওয়া হয়নি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি অপসারণের প্রশ্নই আসে না।

বিবৃতিতে আরও বলা হয়, চসিকের কোনো বিভাগ বা শাখা গ্রাফিতি মোছার কাজ করেনি। এ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে নগরের টাইগারপাসে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনার জেরে সিএমপি জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশে সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে। সোমবার সিএমপি সদর দপ্তর থেকে গণবিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানানো হয়।