জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

৩২

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি পালনের সময় জনদুর্ভোগ যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বসম্মত সিদ্ধান্তে ২৫ মে থেকে ১ জুন ২০২৬ পর্যন্ত কর্মসূচি চলবে। এর মধ্যে রয়েছে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইনে ক্রোড়পত্র প্রকাশ, অঙ্গ সংগঠনের আলোচনা সভা, ৩১ মে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় আলোচনা সভা। ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় তারেক রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করবেন। পরে ওলামা দলের দোয়া মাহফিল এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের থানা পর্যায়ে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ হবে।

সারাদেশে জেলা ও মহানগর পর্যায়েও একই দিনে পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে বিএনপি।