৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধের তাগিদ, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা

আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে দেশের সব ভূমি মালিকের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, নাগরিকরা এখন কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে খাজনা দিতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি স্মার্ট ও স্বচ্ছ করতে সরকার এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, খাজনা দিতে প্রথমে land.gov.bd পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ধাপে ধাপে খতিয়ান ও জোতের তথ্য দিলে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডে পরিশোধ করা যাবে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ৩০ জুনের মধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন এবং নিজের জমি নিরাপদ রাখুন। নির্ধারিত সময়ে কর না দিলে আইন অনুযায়ী বকেয়ার ওপর সুদ যোগ হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারি অর্থবছর শেষ হয় ৩০ জুন। তাই হিসাব চুকিয়ে নিতে ও আইনি জটিলতা এড়াতে এ সময়ের মধ্যেই খাজনা দেওয়া জরুরি।

অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না। এতে সাধারণ মানুষের সময় ও খরচ দুটোই বাঁচছে। ভূমি মন্ত্রণালয় আশা করছে, ডিজিটাল রূপান্তরের ফলে কর আদায়ে স্বচ্ছতা আসবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।