হামের টিকা মজুত ছিল না, তাই বাড়ছে প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের কোনো টিকা মজুত ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দীর্ঘদিন নিয়মিত টিকাদান বন্ধ থাকা ও টিকার সংকটের কারণেই এখন দেশে হামের প্রকোপ বেড়েছে।

রোববার (১৭ মে) জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা’ শীর্ষক জনসচেতনতা সপ্তাহের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালে কার্যক্রম শুরুর আগ পর্যন্ত দেশে হামের কোনো টিকা দেওয়া হয়নি। আমাদের হাতে একটি টিকাও ছিল না।

হাম ছড়ানো ঠেকাতে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি শিশু ও মায়েদের পুষ্টির ওপর জোর দেন তিনি। জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে ড্যাব নেতাদের আহ্বান জানান মন্ত্রী।

তিনি জানান, ইউনিসেফের সহায়তায় জেলা, উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি চালানোর ফলে হামের প্রকোপ কিছুটা কমেছে। এখন টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দিতে মাইকিংসহ নানা কার্যক্রম চলছে।

বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক মা শিশুকে পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতে পারছেন না। মায়েদের পুষ্টি নিশ্চিত হলে শিশুদের অনেক রোগ থেকে রক্ষা করা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড্যাবের সাবেক মহাসচিব ও বিএনপির সংসদ সদস্য আবদুস সালাম, ড্যাবের মহাসচিব মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের ডিন অধ্যাপক আতিয়ার রহমান, মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক জাকারিয়া আল আজিজ।