মোবাইলেই মিলবে ৫০ হাজার টাকা ই-লোন, জেনে নিন শর্ত

২৪

ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবলেই দীর্ঘ লাইনে দাঁড়ানো এবং জটিল কাগজপত্রের যে চিত্র চোখের সামনে ভেসে ওঠে, প্রযুক্তির ছোঁয়ায় তা বদলে যাচ্ছে। এখন মোবাইল ফোনের কয়েকটি ক্লিকেই ঋণের আবেদন, যাচাই-বাছাই এবং ঘরে বসেই ঋণের টাকা পাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছে। ব্যাংকিং খাতের এই আধুনিক সেবাকে বলা হচ্ছে ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণ।

বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং ক্যাশলেস সমাজ বিনির্মাণে গত ১১ মে এ সংক্রান্ত একটি বিশেষ নীতিমালা বা সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই সেবার নাম হবে বাধ্যতামূলকভাবে ‘ই-লোন’। এই ঋণের প্রধান শর্ত হলো, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তবে, এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। অর্থাৎ, ১২ মাসের মাঝে পরিশোধ করতে হবে।

এছাড়া, এ ক্ষেত্রে বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে। তবে কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এই ঋণ দিলে সুদের হার হবে সর্বোচ্চ ৯ শতাংশ। অর্থাৎ, কোনো ব্যাংক বাজার পরিস্থিতি অনুযায়ী সুদ নির্ধারণ করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি ওই ব্যাংককে বিশেষ সুবিধায় অর্থ দেয়, তাহলে গ্রাহকের কাছ থেকে ব্যাংক নয় শতাংশের বেশি সুদ নিতে পারবে না। গ্রাহক কম সুদে ঋণ দেওয়াই এর মূল উদ্দেশ্য।

ই-লোনের আবেদন থেকে শুরু করে অনুমোদন ও বিতরণ—সব প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে। ফলে গ্রাহককে কোনো দলিলে সশরীরে স্বাক্ষর করতে হবে না। এর পরিবর্তে বায়োমেট্রিক তথ্য এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করে গ্রাহকের সম্মতি নেওয়া হবে। ঋণ অনুমোদনের আগে ব্যাংক গ্রাহকের পূর্বের ক্রেডিট রেকর্ড বা সিআইবি রিপোর্ট যাচাই করবে, তবে এই সিআইবি অনুসন্ধানের জন্য গ্রাহকের ওপর কোনো চার্জ প্রযোজ্য হবে না। কোনো ঋণখেলাপি এই সুবিধা পাবেন না।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সাধারণ ও প্রান্তিক মানুষ ব্যাপক উপকৃত হবেন। সাধারণত এনজিওর কাছ থেকে ঋণ নিলে প্রতি সপ্তাহে কিস্তি শোধ করতে হয়, যা বেশ কষ্টসাধ্য। কিন্তু ই-লোনের ক্ষেত্রে ১২ মাসে সহজ কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ থাকছে। প্রান্তিক মানুষ, শিক্ষার্থী এবং ছোট ব্যবসায়ীরা কোনো জামানত বা ক্রেডিট কার্ড ছাড়াই কেবল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এই সুবিধা নিতে পারবেন।