জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, বিসিবি দিল সূচি

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সফরে স্বাগতিকদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়া দল আগামী ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে। পরদিন মিরপুরে অনুশীলন করবে তারা। বাংলাদেশ দলও একই সময়ে মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে। দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ঢাকার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে মাঠের লড়াই শুরু হবে। দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি খেলতে দুই দল চট্টগ্রামে যাবে। প্রথম টি-টোয়েন্টি ১৭ জুন, দ্বিতীয়টি ১৯ জুন ও শেষ ম্যাচ ২১ জুন। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।