কাঁটাতার নির্মাণে বিজিবি বাধা দিলেও থামবে না পশ্চিমবঙ্গ: মন্ত্রী অশোক

পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সীমান্তের বিভিন্ন অংশে জমি অধিগ্রহণ নিয়ে বিএসএফ ও সরকারি কর্মকর্তারা বৈঠকে বসেছেন।

রোববার (১৭ মে) ভারতে সরকারি ছুটির দিনে সীমান্ত এলাকা পরিদর্শন করেন খাদ্য, খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।

এদিন বিএসএফের অধীন কালিয়ানী সীমান্ত পরিদর্শন শেষে সেখানকার বর্ডার আউটপোস্টে যান মন্ত্রী। বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সীমান্তে বসবাসরত স্থানীয়দের সঙ্গেও কথা বলেন।

মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার বসানো নিয়ে কোনো আপস হবে না। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যক্তিগত জমির নির্ধারিত মূল্য পাওয়া নিয়ে কোনো জটিলতা নেই। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হোক বা তৃণমূলের গুন্ডা, কারও সঙ্গে আপস করা হবে না। কে বাধা দিল তা দেখার বিষয় নয়।

এদিকে মালদায় সরকারের নির্দেশের পরপরই স্থানীয় চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। মালদা জেলা প্রশাসনের নির্দেশে গত শুক্রবার ১৫ মে সকাল থেকে হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেন।

হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুরসহ বিভিন্ন এলাকায় এ প্রক্রিয়া চলছে। প্রতিটি এলাকাতেই সীমান্তের কৃষকরা ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া তৈরির জন্য স্বেচ্ছায় ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিয়েছেন।