অভিনেতা আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা মামলা ডিবিতে হস্তান্তর

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে ডিবির কাছে দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক এসআই সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ মে ডিবি পুলিশ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে।

এ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ছিল রোববার। কিন্তু এদিন তদন্ত সংস্থা ডিবি প্রতিবেদন জমা দিতে পারেনি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বলে জানান এসআই সাইফুল ইসলাম।

গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির মালিকসহ স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নানা নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন। তাদের একটি ছেলে সন্তান আছে।