বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের এবং প্রতিশ্রুতি পালনের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি, তা আমরা বাস্তবায়ন করবো। এতে মানুষ উপকৃত হবে। আমাদের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদের রাজনীতি প্রতিশ্রুতি পালনের। এই রাজনীতি পছন্দ হলে, বিশ্বাস করলে সচেতন থাকতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সদরের বিশ্ব খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খাল খনন কর্মসূচিতে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ উপকৃত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজ আমরা শুরু করেছি। খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়ন শুরু করেছি। কৃষক কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করা হবে কৃষকদের।

তারেক রহমান বলেন, প্রথম পর্বের আন্দোলন সফল হয়েছে। দ্বিতীয় পর্বে দেশকে পুনর্গঠন করতে হবে। ১৬ বছর দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। প্রশাসনকে রাজনীতিকীকরণ করা হয়েছে। আরেকটি দেশের চিকিৎসার সুবিধার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একটা বালিশের দাম ৮০ হাজার টাকা করে বিদেশে পাচার করা হয়েছে।

স্বৈরাচাররা বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না বলেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা যখন প্রতিশ্রুতি পালন শুরু করেছি, তখন কিছু সংক্ষুব্ধ মানুষ বিভ্রান্তিমূলক কথা বলছে। সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে যে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।

মানুষ সচেতন ছিল বলেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির পক্ষে রায় দিয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যেসব কাজ করার রায় মানুষ দিয়েছে, সেসব কাজ আমরা বাস্তবায়ন করবো। কেউ বাধা দিতে চাইলে মানুষ তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দেবে। বিভ্রান্তকারীদের ফাদে পা দেয়া যাবে না।

এ সময় সরকারপ্রধান আরও বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস। জনগণ যতক্ষণ সমর্থন দেবে, দেশের জন্য কাজ করে যাব। তার থেকে একবিন্দু এদিক ওদিক হবে না। ’৭১ সালে যেমন স্বাধীন করেছিলাম, এখন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।