হার্ট অ্যাটাকে না ফেরার দেশে অভিনেতা দিলীপ রাজ

২৪

দক্ষিণী টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ মারা গেছেন।

মঙ্গলবার (১২ মে) গভীর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পারিবারিক সূত্র জানায়, ভোরের দিকে তীব্র হৃদরোগ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

দিলীপ রাজের আকস্মিক মৃত্যুতে দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া নেমেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

দীর্ঘ ক্যারিয়ারে ২৪টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে পুনিথ রাজকুমারের ‘মিলানা’ সিনেমা দিয়ে ব্যাপক পরিচিতি পান। পরে ‘ইউ টার্ন’, ‘বয়ফ্রেন্ড’সহ বহু সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ছোট পর্দায় ‘হিটলার কল্যাণ’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন। এছাড়া ‘জননী’, ‘রঙ্গোলী’, ‘কুমকুম ভাগ্য’, ‘মাঙ্গল্য’ ও ‘রথসপ্তমী’র মতো ধারাবাহিকে কাজ করেছেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল ছিলেন দিলীপ রাজ। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করা এই শিল্পী সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। এক সিনেমায় তার কণ্ঠে ডাবিং দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।