পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

২৩

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের বিষয়, এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজের মাধ্যমে দেশের মোট আয়তনের এক-তৃতীয়াংশ ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে। ৫ বছরে প্রতি বছর ৭ হাজার কোটি টাকা করে সম্ভাব্য ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয়ে দেশীয় অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

এ্যানি বলেন, খাল খননের মাধ্যমে পানি আনা প্রাথমিক পরিকল্পনা। প্রকল্পের মাধ্যমে পানি মজুদের কারিগরি দিকটি গুরুত্বপূর্ণ। গঙ্গা চুক্তি বাস্তবায়নে কারিগরি দল কাজ করছে।

তিনি আরও বলেন, ফারাক্কা ব্যারেজের কারণে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে রাজবাড়ীতে ব্যারেজের যে অংশ হবে, সেখানে পানি মজুদ করা হবে। ৫৪টি নদীর হিস্যা এখানে নয়।