কোরবানির পশুর চামড়ার দাম বাড়ল, ঢাকায় গরুর চামড়া ৬৭ টাকা পর্যন্ত

৩৯

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গতবারের চেয়ে এবার দাম সামান্য বাড়ানো হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে কোরবানি সংক্রান্ত সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দর প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা।

সারাদেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতি বছর প্রায় এক কোটি পশু কোরবানি দেওয়া হয়। সেখান থেকে সংগ্রহ করা চামড়া দেশীয় শিল্পে ব্যবহৃত হয়। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য ওয়েটব্লু চামড়া রফতানির সিদ্ধান্তও নেওয়া হতে পারে। তবে সে সিদ্ধান্ত পরে জানাবে সরকার।

কোরবানির চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য সারাদেশে সরকারি অর্থায়নে বিনামূল্যে লবণ পৌঁছানো হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

গত বছর ঈদুল আজহায় ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা ছিল। খাসির চামড়া প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।