লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, নিন্দা জানাল ঢাকা

৫৯

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা ও শোক জানানো হয়।

নিহতরা হলেন সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম এবং আশাশুনী উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে ড্রোন হামলায় তারা প্রাণ হারান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনতে কাজ করছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

একই সঙ্গে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।