লিভার জটিলতায় কারিনা কায়সার চেন্নাইয়ে, টাকার অভাবে বাবা যেতে পারেননি

৪০

লিভারজনিত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। তবে চিকিৎসার উচ্চ ব্যয় ও আর্থিক সংকটের কারণে সঙ্গে যেতে পারেননি তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কারিনাকে চেন্নাইয়ে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই।

পরিবার জানিয়েছে, চিকিৎসা ও পরিবহন ব্যয় মেটাতে আর্থিক চাপে পড়তে হয়েছে। এজন্য কিছু ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে। কায়সার হামিদ বলেন, দেশে কিছু জরুরি কাজ বাকি রয়েছে এবং চিকিৎসার ব্যয় সামলাতে সময় প্রয়োজন। পরে তিনি পরিবারের সঙ্গে যোগ দেবেন।

এর আগে শুক্রবার রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কায়সার। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

চিকিৎসকদের মতে, তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বিশেষ কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন কায়সার হামিদ। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন। ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকে কাজের মাধ্যমে তরুণ দর্শকদের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’সহ বেশ কয়েকটি নাটক ও ডিজিটাল কনটেন্ট।