ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা অবধি খোলা থাকবে শপিংমল-দোকান, আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

৪৪

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন পর্যন্ত শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ মঙ্গলবার থেকেই এই সময়সীমা কার্যকর হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলা রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিদ্যুৎ সংকট মোকাবিলায় মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

দোকান মালিক সমিতি জানায়, তাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী সমিতিকে অবহিত করেছেন যে ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে।

তবে এ সময় কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।