ঈদুল আজহায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ হাইকোর্টের

২০

পবিত্র ঈদুল আজহায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকবে বলা আছে। ১১৯ ধারায় বলা হয়েছে, বিনা অনুমতিতে ওই কামরায় প্রবেশ করলে জরিমানা হবে।

ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে রিট করেন আইনজীবী মমতাজ পারভীন। পরে ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আইনজীবী মো. আজমল হোসেন খোকন বলেন, আইনে আলাদা কামরার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। রুল বিচারাধীন থাকা অবস্থায় ঈদে নারীদের কষ্ট লাঘবে আবেদন করা হয়। পরে আদালত এ আদেশ দিয়েছেন।