মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার উদ্যোগ নিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এজন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসা বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

মন্ত্রিসভার প্রথম বৈঠকে অন্তত ছয়টি সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। এর মধ্যে অন্যতম— অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তর।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার মূল ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি।

বিজেপির দাবি, সীমান্ত নিরাপত্তা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং ভোটের রাজনীতির স্বার্থে তৃণমূল কংগ্রেস তাদের বসবাসের সুযোগ করে দিয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।

বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি।

গত মাসের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ মে শুভেন্দু অধিকারীকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে বিজেপি। পরে তিনি শপথ নেন।

গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বড় নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ার পর এবার ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে বিজেপি।