‘মব’ ঠেকাতে আইন সংশোধন বা নতুন আইনের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মব’ পরিস্থিতি প্রচলিত আইন দিয়ে পুরোপুরি মোকাবিলা সম্ভব হচ্ছে না, এ জন্য আইন সংশোধন বা নতুন আইন করার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইনের আওতায় যতটুকু সম্ভব, আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আইনি সংস্কার বা সংশোধনের প্রয়োজন হলে সেটিও করা হবে। তিনি বলেন, এ বিষয়ে আজ স্বরাষ্ট্রসচিব ও আইজিপিকে বিষয়টি আবার স্মরণ করিয়ে দিতে অনুরোধ করেছি।

তিনি বলেন, জুয়া, অনলাইন জুয়া বন্ধে কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অনলাইন জুয়া মোকাবিলায় আইন প্রণয়নের পাশাপাশি সাইবার ক্রাইম ও মানি ট্রান্সফার-সংশ্লিষ্ট বিষয়গুলো একই আইনের আওতায় আনা যায় কি না, তাও পর্যালোচনা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময় বদলাচ্ছে, ইন্টারনেটভিত্তিক অপরাধের ধরনও পাল্টে গেছে। তাই পুরোনো আইন দিয়ে এখন আর চলা সম্ভব নয়। নতুন আইন প্রণয়নের পাশাপাশি এসব অপরাধ মোকাবিলায় প্রয়োজন হলে অন্যান্য দেশের অভিজ্ঞতাও গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতার কথা ভাবছে সরকার। পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পদ পর্যন্ত ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে।

গত ২ মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি আরও উন্নত করতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খন্দকার রফিকুল ইসলাম।