‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৫ জুলাই

২৯

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১১ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ দেন। দুদক পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি প্রায় ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৪ সালে কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়, যা পরে ‘ছাগলকাণ্ড’ নামে পরিচিতি পায়। ওই ঘটনায় মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবকের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর মতিউর ও তার পরিবারের সম্পদ নিয়েও আলোচনা শুরু হয়।

দুদকের অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের নামে ৬৫ বিঘা জমি, আটটি ফ্ল্যাট, দুটি রিসোর্ট ও পিকনিক স্পট এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়। তাদের নামে থাকা ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবার হিসাব এবং শেয়ারবাজারের বিও হিসাবও জব্দ করা হয়েছে।