হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুমকি তেহরানের, বাহরাইনকে কড়া বার্তা ইরানের

যুক্তরাষ্ট্র সমর্থিত জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ আঞ্চলিক দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিল ইরান। পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ সংসদ সদস্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে ইরানবিরোধী প্রস্তাব আনা হঠকারী সিদ্ধান্ত। এমন পদক্ষেপে বাধ্য হলে তেহরান হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব তৈরি হয়েছে। গত মাসে একই ধরনের প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দেয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাহাজ ও বন্দরের ওপর কঠোর অবরোধের ঘোষণা দিলে তেহরানও অঞ্চলে কড়াকড়ি বাড়ায়। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান ইতোমধ্যেই শত্রু দেশগুলোর জন্য এ জলপথ বন্ধ রেখেছে।

তেহরানের অভিযোগ, ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির শর্ত বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালির জন্য নতুন ‘আইনি শাসন’ চালুর পরিকল্পনা করছে ইরানের সংসদ। ইব্রাহিম আজিজি জানান, সংশ্লিষ্ট বিল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরবর্তী অধিবেশনেই এটি স্থায়ী আইন হিসেবে পাস হবে।

ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাদ গত সপ্তাহে জানান, নতুন আইনে ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রসহ শত্রুভাবাপন্ন দেশের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে। অন্যান্য দেশের জাহাজকে নির্দিষ্ট ‘টোল’ দিতে হবে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মার্কিন চাপ মোকাবিলায় জাতীয় স্বার্থে কোনো ছাড় দেবে না ইরান। এ হুঁশিয়ারিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: প্রেস টিভি