বেঙ্গালুরুতে ব্যস্ত সড়কে স্ত্রীর গলা কাটার চেষ্টা, পথচারীদের পিটুনিতে রক্ষা

২৫

বেঙ্গালুরুর ব্যস্ত সড়কে প্রকাশ্যে স্ত্রীর গলা কাটার চেষ্টা করেছেন এক যুবক। পথচারীদের সাহসী হস্তক্ষেপে প্রাণে বেঁচে গেছেন ওই নারী। উত্তেজিত জনতা অভিযুক্ত স্বামীকে ধরে বেধড়ক পিটুনি দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত (৬ মে) বুধবার দুপুরে বেঙ্গালুরুর নেলামানগালা এলাকার দাসানাপুরায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

অভিযুক্ত যুবকের নাম সঞ্জয়। তিনি বিহারের বাসিন্দা। স্ত্রী সোনালীর সঙ্গে বেঙ্গালুরুর একটি ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে সোনালী বাসা থেকে বের হলে মোটরসাইকেলে করে সেখানে আসেন সঞ্জয়। হেলমেট পরা অবস্থায় তিনি সোনালীর পথরোধ করে টেনেহিঁচড়ে রাস্তার মাঝখানে নিয়ে যান। এরপর পকেট থেকে ছুরি বের করে গলা কাটার চেষ্টা করেন।

এ সময় কয়েকজন পথচারী এগিয়ে এসে সঞ্জয়কে আটকান। পরে জনতা তাকে মারধর করে এবং সোনালীকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। সোনালী ঘটনাস্থল ত্যাগ করেন এবং বড় ধরনের হামলা থেকে রক্ষা পান।

পুলিশ জানিয়েছে, সঞ্জয় ও সোনালীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। দুজনেরই দ্বিতীয় বিয়ে। নতুনভাবে জীবন শুরু করতে তারা বিহার থেকে বেঙ্গালুরুতে সংসার পেতেছিলেন। সম্প্রতি সোনালী আলাদা থাকার সিদ্ধান্ত নিলে ক্ষুব্ধ হয়ে সঞ্জয় এই হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।