পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে, ওভারটাইম ভাতা দেওয়ার চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

২৫

পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সঙ্গতি বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনেক কনস্টেবল ৪০ বছর চাকরি করেও পদোন্নতি পান না। এজন্য বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছু সংখ্যক পুলিশ সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়া হবে। কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর করা হবে।

তিনি বলেন, পুলিশিং কার্যক্রম গতিশীল করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারীদের ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার। ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত এ ভাতা বিবেচনা করা হতে পারে।

পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। প্রয়োজনে উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে। পুলিশের আবাসন সমস্যা দূরীকরণে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান সরকারের অগ্রাধিকারে রয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নে কমিটি গঠন করা হয়েছে। মব কালচার বন্ধে বিদ্যমান আইন সংশোধন করা হবে।

তিনি পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের তাগিদ দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির।