দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা

২০

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে তিন কর্মকর্তাকে পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

রোববার (১০ মে) ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আগামী ২৯ মে থেকে ৫ জুন দক্ষিণ কোরিয়ায় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যবেক্ষণের জন্য অনুমোদন পাওয়া কর্মকর্তারা হলেন—ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

অফিস আদেশে বলা হয়েছে, এই কর্মকর্তাদের সব ব্যয় বহন করবে কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। তারা আগামী ২৭ মে দেশত্যাগ করবেন। সেখানে ১১ দিন অবস্থান শেষে ৭ জুন দেশে ফিরবেন।

ইসি কর্মকর্তারা জানান, আগামী এক বছরে বাংলাদেশে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণের এ অভিজ্ঞতা দেশের নির্বাচনেও কাজে আসতে পারে।