৭২ ঘণ্টার অস্ত্রবিরতি, ২ হাজার বন্দি মুক্তির পথে মস্কো-কিয়েভ

২৫

চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে হঠাৎ বিরতি। ট্রাম্পের ঘোষণায় ৯ মে থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন।

শুক্রবার (৮ মে) ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার অনুরোধে পুতিন ও জেলেনস্কি এই অস্থায়ী বিরতিতে সাড়া দিয়েছেন। এই তিন দিনে দুই পক্ষই হামলা-পাল্টা হামলা বন্ধ রাখবে।

যুদ্ধবিরতির আওতায় মস্কো ও কিয়েভ মোট দুই হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে— প্রত্যেকে ১ হাজার করে।

ট্রাম্প লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের দিনটিকে সম্মান জানাতেই এই সময় বেছে নেওয়া হয়েছে। ১৯৪৫ সালের ৮ মে সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছিল নাৎসি জার্মানি। রাশিয়া দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে।

তিনি আরও বলেন, এটি দীর্ঘ ও প্রাণঘাতী লড়াইয়ের অবসানের সূচনা হতে পারে। যুদ্ধ শেষ করতে আলোচনা চলছে, আমরা প্রতিদিন সমাপ্তির কাছাকাছি আসছি।

২০২২ সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে চলছে এই যুদ্ধ। ক্রিমিয়া ইস্যু ও ন্যাটো সদস্যপদ নিয়ে টানাপোড়েন থেকেই সংঘাতের শুরু।