ভূমি উন্নয়ন করের আপত্তি ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২৯

ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে বলা হয়েছে।

সম্প্রতি দেশের সব সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ডকে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। ভূমি উন্নয়ন কর আদায় জোরদার ও সেবার গতি বাড়াতেই এই পদক্ষেপ।

নির্দেশনায় বলা হয়েছে:

১. ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।

২. আবেদন অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যাতে নাগরিকরা কারণ জানতে পারেন।

৩. এসিল্যান্ডের কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সাল ও জমির ব্যবহারভিত্তিক শ্রেণি নিয়ে আপত্তি দায়ের হলে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

চিঠিতে ভূমি রাজস্ব আদায়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।