২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম, শিক্ষার্থীদের হাতে যাবে ট্যাব: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের পর এবার শিক্ষার্থীদেরও ট্যাব দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানালেন, ধাপে ধাপে সব শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হবে।

২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম পুরোপুরি বাস্তবায়নের কাজ চলছে বলে জানান তিনি। এ জন্য বিশেষজ্ঞ কমিটি বই পরিবর্তন ও পরিমার্জনের কাজ করছে। শিক্ষামন্ত্রী বলেন, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে বইয়ের কাগজের মান ও ছাপা আরও উন্নত করতে হবে। পাশাপাশি নোট-গাইড দেখে প্রশ্ন করার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বই প্রকাশে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সরাসরি সম্পৃক্ততা নেই। আগামী বছর থেকে বইমেলা আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও পুস্তক প্রকাশক সমিতিকেও যুক্ত করতে হবে। উপজেলা পর্যায়ে বইমেলায় আর্থিক সহায়তা দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রকাশকরা এ সময় প্রকাশনা খাতকে শিল্প হিসেবে ঘোষণা এবং নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণের দাবি জানান।