বাংলায় গেরুয়া পতাকা, শুভেন্দুর হাতেই নবান্নের চাবি; দুই ডেপুটিতে ভর করে ক্ষমতায় বিজেপি

রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তৃণমূলকে উৎখাত করে প্রথমবার রাজ্যে সরকার গড়ছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ‘সেনাপতি’ শুভেন্দু অধিকারী।

২১ বছরের খরা কাটিয়ে ফিরছে উপ-মুখ্যমন্ত্রী পদ। এবার এক নয়, দুজন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সামাজিক ও আঞ্চলিক ভারসাম্যের অঙ্কে এই ‘ডাবল ডেপুটি’ ফর্মুলায় হাঁটছে। দৌড়ে আছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল ও উত্তরবঙ্গের শঙ্কর ঘোষ। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে একটি পদ মহিলা নেত্রীর জন্য রাখা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত। অমিত শাহের সঙ্গে দুজনের আলাদা বৈঠক সেই সম্ভাবনা জোরালো করেছে।

আজ সন্ধ্যায় বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আগামীকাল ব্রিগেডে মেগা শপথ। মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ এনডিএ-র হেভিওয়েটরা। বুদ্ধদেব ভট্টাচার্যের পর এই প্রথম বাংলায় উপ-মুখ্যমন্ত্রী দেখবে নবান্ন।

সূত্র: এনডিটিভি