হামে আর কোনো শিশুমৃত্যু চান না নাহিদ ইসলাম

২৫

জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, দেশে হামের প্রকোপ বাড়ছে। হামের কারণে আর একটি শিশুর মৃত্যুও তিনি দেখতে চান না। সরকারকে পর্যাপ্ত চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৭ মে) চট্টগ্রামে এনসিপির নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপদ বসবাস নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে।

ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও সেখানে কয়েক লাখ মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ আছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব ও সতর্কতা বেড়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর চেষ্টা হতে পারে, এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করে নতুন সদস্যদের দলে অন্তর্ভুক্তির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।