সংসদে শিশু অধিকার ককাস গঠনে ইউনিসেফের সঙ্গে একমত ডেপুটি স্পীকার

২৩

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউনিসেফের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৭ মে) সংসদ ভবনে ডেপুটি স্পীকারের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগম।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার বলেন, শিশু অধিকার সুরক্ষায় ‘পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস’ এবং ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। শিশুবান্ধব নীতি প্রণয়ন ও শিশুদের স্বার্থ রক্ষায় সরকারি-বিরোধী দলের সংসদ সদস্য ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতিদের নিয়ে একটি ককাস গঠন করা হবে। এই ককাস সংসদে শিশু অধিকার নিয়ে আলোচনা ও বাজেট বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে সংবেদনশীল। শিশুদের সংসদ অধিবেশন গ্যালারিতে বসে দেখার সুযোগ দিতে তিনি নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন সংগঠনের সহায়তায় শিশু অধিকারে বাংলাদেশ উপমহাদেশে নেতৃস্থানীয় হবে বলে আশা প্রকাশ করেন ডেপুটি স্পীকার।

ইউনিসেফ জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকার অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যুক্ত করা হয়েছে। চলমান হাম পরিস্থিতিতে সরকারের পদক্ষেপেরও প্রশংসা করে প্রতিনিধিদল।

সাক্ষাতে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি, বাজেট বৃদ্ধি, সামাজিক সুরক্ষা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিসেফ প্রতিনিধিদল ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।